কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি। আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি॥ ভালোবেসেছিনু এই ধরণীরে সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে, কত বসন্তে দখিনসমীরে ভরেছে আমারি সাজি॥ নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে, বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে। মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কেবা করে হাহাকার-- সুর তবু লেগেছিল বারে-বার মনে পড়ে তাই আজি॥
তোমারি নাম বলব নানা ছলে, বলব একা বসে আপন মনের ছায়াতলে ॥ বলব বিনা ভাষায়, বলব বিনা আশায়, বলব মুখের হাসি দিয়ে, বলব চোখের জলে ॥ বিনা প্রয়োজনের ডাকে ডাকব তোমার নাম, সেই ডাকে মোর শুধু শুধুই পূরবে মনস্কাম। শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে, বলতে পারে এই সুখেতেই মায়ের নাম সে বলে ॥
ওকে কেন কাঁদালি! ও যে কেঁদে চলে যায়-- ওর হাসিমুখ যে আর দেখা যাবে না॥ শূন্যপ্রাণে চলে গেল, নয়নেতে অশ্রুজল-- এ জনমে আর ফিরে চাবে না॥ দু দিনের এ বিদেশে কেন এল ভালোবেসে, কেন নিয়ে গেল প্রাণে বেদনা। হাসি খেলা ফুরালো রে, হাসিব আর কেমনে! হাসিতে তার কান্নামুখ পড়ে যে মনে। ডাক্ তারে একবার-- কঠিন নহে প্রাণ তার!-- আর বুঝি তার সাড়া পাবে না॥