দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি॥ চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই-- 'কে আসিছে' বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি॥ জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে-- ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপনপাশে। এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই-- যেন এ বাসনা ব্যাকুল আবেগে, তাহারে আনিবে ডাকি॥
অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়াও কোন্ বাতাসে॥ যে ফুল গেছে সকল ফেলে গন্ধ তাহার কোথায় পেলে, যার আশা আজ শূন্য হল কী সুর জাগাও তাহার আশে॥ সকল গৃহ হারালো যার তোমার তানে তারি বাসা, যার বিরহের নাই অবসান তার মিলনের আনে ভাসা। শুকালো যেই নয়নবারি তোমার সুরে কাঁদন তারি, ভোলা দিনের বাহন তুমি স্বপন ভাসাও দূর আকাশে॥