কী বলিনু আমি! এ কী সুললিত বাণী রে! কিছু না জানি কেমনে যে আমি প্রকাশিনু দেবভাষা, এমন কথা কেমনে শিখিনু রে! পুলকে পুরিল মনপ্রাণ,মধু বরষিল শ্রবণে, এ কী! হৃদয়ে এ কী এ দেখি!-- ঘোর অন্ধকার মাঝে,এ কী জ্যোতি ভায়, অবাক্!-- করুণা এ কার!
কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা, তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা-- এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা সুরের-গন্ধ-ঢালা?। তাই কি আমার ঘুম ছুটেছে, বাঁধ টুটেছে মনে, খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চিরব্যথার বনে, কাঁপে আমার দিবানিশার সকল আঁধার আলা! এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা সুরের-গন্ধ-ঢালা?। রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি। শান্তি কোথায় মোর তরে হায় বিশ্বভুবন-মাঝে, অশান্তি যে আঘাত করে তাই তো বীণা বাজে। নিত্য রবে প্রাণ-পোড়ানো গানের আগুন জ্বালা-- এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা সুরের-গন্ধ-ঢালা?।