কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি। আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি॥ ভালোবেসেছিনু এই ধরণীরে সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে, কত বসন্তে দখিনসমীরে ভরেছে আমারি সাজি॥ নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে, বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে। মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কেবা করে হাহাকার-- সুর তবু লেগেছিল বারে-বার মনে পড়ে তাই আজি॥
আমিই শুধু রইনু বাকি। যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি॥ আমার ব'লে ছিল যারা আর তো তারা দেয় না সাড়া-- কোথায় তারা, কোথায় তারা, কেঁদে কেঁদে কারে ডাকি॥ বল্ দেখি মা শুধাই তোরে-- আমার কিছু রাখলি নে রে, আমি কেবল আমায় নিয়ে কোন্ প্রাণেতে বেঁচে থাকি॥