যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে চায়-- সবাই মিলে পথে চলা হল আমার দায় ॥ দুয়ার ধরে দাঁড়িয়ে থাকে-- দেয় না সাড়া হাজার ডাকে-- বাঁধন এদের সাধনধন, ছিঁড়তে যে ভয় পায় ॥ আবেশভরে ধুলায় প'ড়ে কতই করে ছল, যখন বেলা যাবে চলে ফেলবে আঁখিজল। নাই ভরসা, নাই যে সাহস, চিত্ত অবশ, চরণ অলস-- লতার মতো জড়িয়ে ধরে আপন বেদনায় ॥
যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে তবে তোমায় আমি পাই নি যেন সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দু হাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাই নি যেন সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। যদি আলসভরে আমি বসি পথের 'পরে, যদি ধুলায় শয়ন পাতি সযতনে, যেন সকল পথই বাকি আছে সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। যতই উঠে হাসি, ঘরে যতই বাজে বাঁশি, ওগো যতই গৃহ সাজাই আয়োজনে, যেন তোমায় ঘরে হয় নি আনা সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে॥
তারে কেমনে ধরিবে, সখী, যদি ধরা দিলে। তারে কেমনে কাঁদাবে, যদি আপনি কাঁদিলে। যদি মন পেতে চাও, মন রাখো গোপনে। কে তারে বাঁধিবে, তুমি আপনায় বাঁধিলে। কাছে আসিলে তো কেহ কাছে রহে না। কথা কহিলে তো কেহ কথা কহে না। হাতে পেলে ভূমিতলে ফেলে চলে যায়। হাসিয়ে ফিরায় মুখ কাঁদিয়ে সাধিলে।