অচেনাকে ভয় কী আমার ওরে। অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে। জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না, চিহ্নহারা পথে আমায় টানবে অচিন-ডোরে। ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে। সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে। অচেনা এই ভুবন-মাঝে কত সুরেই হৃদয় বাজে, অচেনা এই জীবন আমার-- বেড়াই তারি ঘোরে।
আমায় বাঁধবে যদি কাজের ডোরে কেন পাগল কর এমন ক'রে? বাতাস আনে কেন জানি কোন্ গগনের গোপন বাণী, পরানখানি দেয় যে ভ'রে। পাগল করে এমন ক'রে। সোনার আলো কেমনে হে, রক্তে নাচে সকল দেহে। কারে পাঠাও ক্ষণে ক্ষণে আমার খোলা বাতায়নে, সকল হৃদয় লয় যে হ'রে। পাগল করে এমন ক'রে।