আজ আসবে শ্যাম গোকুলে ফিরে। আবার বাজবে বাঁশি যমুনাতীরে আমরা কী করব। কী বেশ ধরব। কী মালা পড়ব। বাঁচব কি মরব সুখে। কী তারে বলব ! কথা কি রবে মুখে। শুধু তার মুখপানে চেয়ে চেয়ে দাঁড়ায়ে ভাসব নয়ননীরে।।
কে বলে 'যাও যাও'-- আমার যাওয়া তো নয় যাওয়া। টুটবে আগল বারে বারে তোমার দ্বারে, লাগবে আমায় ফিরে ফিরে ফিরে-আসার হাওয়া ॥ ভাসাও আমায় ভাঁটার টানে অকূল-পানে, আবার জোয়ার-জলে তীরের তলে ফিরে তরী বাওয়া ॥ পথিক আমি, পথেই বাসা-- আমার যেমন যাওয়া তেমনি আসা। ভোরের আলোয় আমার তারা হোক-না হারা, আবার জ্বলবে সাঁজে আঁধার-মাঝে তারি নীরব চাওয়া ॥