আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে-- আমি তাইতে কি ভয় মানি! জানি জানি, বন্ধু, জানি-- তোমার আছে তো হাতখানি ॥ চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে, এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি ॥ আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা, তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা। জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি ॥
ভুলে যাই থেকে থেকে তোমার আসন-'পরে বসাতে চাও নাম আমাদের হেঁকে হেঁকে ॥ দ্বারী মোদের চেনে না যে, বাধা দেয় পথের মাঝে ॥ বাহিরে দাঁড়িয়ে আছি, লও ভিতরে ডেকে ডেকে ॥ মোদের প্রাণ দিয়েছ আপন হাতে, মান দিয়েছ তারি সাথে। থেকেও সে মান থাকে না যে লোভে আর ভয়ে লাজে-- ম্লান হয় দিনে দিনে যায় ধুলাতে ঢেকে ঢেকে ॥