তুমি যখন গান গাহিতে বল গর্ব আমার ভ'রে ওঠে বুকে; দুই আঁখি মোর করে ছল ছল নিমেষহারা চেয়ে তোমার মুখে। কঠিন কটু যা আছে মোর প্রাণে গলিতে চায় অমৃতময় গানে, সব সাধনা আরাধনা মম উড়িতে চায় পাখির মতো সুখে। তৃপ্ত তুমি আমার গীতরাগে, ভালো লাগে তোমার ভালো লাগে, জানি আমি এই গানেরি বলে বসি গিয়ে তোমারি সম্মুখে। মন দিয়ে যার নাগাল নাহি পাই, গান দিয়ে সেই চরণ ছুঁয়ে যাই, সুরের ঘোরে আপনাকে যাই ভুলে, বন্ধু ব'লে ডাকি মোর প্রভুকে।
আমি হব না তাপস, হব না, হব না, যেমনি বলুন যিনি। আমি হব না তাপস নিশ্চয় যদি না মেলে তপস্বিনী। আমি করেছি কঠিন পণ যদি না মিলে বকুলবন, যদি মনের মতন মন না পাই জিনি, তবে হব না তাপস, হব না, যদি না পাই সে তপস্বিনী। আমি ত্যজিব না ঘর, হব না বাহির উদাসীন সন্ন্যাসী, যদি ঘরের বাহিরে না হাসে কেহই ভুবন-ভুলানো হাসি। যদি না উড়ে নীলাঞ্চল মধুর বাতাসে বিচঞ্চল, যদি না বাজে কাঁকন মল রিনিক-ঝিনি-- আমি হব না তাপস, হব না, যদি না পাই গো তপস্বিনী। আমি হব না তাপস, তোমার শপথ, যদি সে তপের বলে কোনো নূতন ভুবন না পারি গড়িতে নূতন হৃদয়-তলে। যদি জাগায়ে বীণার তার কারো টুটিয়া মরম-দ্বার, কোনো নূতন আঁখির ঠার না লই চিনি আমি হব না তাপস, হব না, হব না, না পেলে তপস্বিনী।