ভালোবাসা এসেছিল এমন সে নিঃশব্দ চরণে তারে স্বপ্ন হয়েছিল মনে, দিই নি আসন বসিবার। বিদায় সে নিল যবে, খুলিতেই দ্বার শব্দ তার পেয়ে, ফিরায়ে ডাকিতে গেনু ধেয়ে। তখন সে স্বপ্ন কায়াহীন, নিশীথে বিলীন, দূরপথে তার দীপশিখা একটি রক্তিম মরীচিকা।
এবারের মতো করো শেষ প্রাণে যদি পেয়ে থাকো চরমের পরম উদ্দেশ; যদি অবসান সুমধুর আপন বীণার তারে সকল বেসুর সুরে বেঁধে তুলে থাকে; অস্তরবি যদি তোরে ডাকে দিনেরে মাভৈঃ বলে যেমন সে ডেকে নিয়ে যায় অন্ধকার অজানায়; সুন্দরের শেষ অর্চনায় আপনার রশ্মিচ্ছটা সম্পূর্ণ করিয়া দেয় সারা; যদি সন্ধ্যাতারা অসীমের বাতায়নতলে শান্তির প্রদীপশিখা দেখায় কেমন করে জ্বলে; যদি রাত্রি তার খুলে দেয় নীরবের দ্বার, নিয়ে যায় নিঃশব্দ সংকেতে ধীরে ধীরে সকল বাণীর শেষ সাগরসংগম-তীর্থ-তীরে; সেই শতদল হতে যদি গন্ধ পেয়ে থাকো তার মানসসরসে যাহা শেষ অর্ঘ্য, শেষ নমস্কার।