নিন্দা দুঃখে অপমানে যত আঘাত খাই তবু জানি কিছুই সেথা হারাবার তো নাই। থাকি যখন ধুলার 'পরে ভাবতে না হয় আসনতরে, দৈন্যমাঝে অসংকোচে প্রসাদ তব চাই। লোকে যখন ভালো বলে, যখন সুখে থাকি, জানি মনে তাহার মাঝে অনেক আছে ফাঁকি। সেই ফাঁকিরে সাজিয়ে লয়ে ঘুরে বেড়াই মাথায় বয়ে, তোমার কাছে যাব এমন সময় নাহি পাই।
যে তোমারে দূরে রাখি নিত্য ঘৃণা করে, হে মোর স্বদেশ, মোরা তারি কাছে ফিরি সম্মানের তরে পরি তারি বেশ। বিদেশী জানে না তোরে অনাদরে তাই করে অপমান, মোরা তারি পিছে থাকি যোগ দিতে চাই আপন সন্তান। তোমার যা দৈন্য, মাতঃ, তাই ভূষা মোর কেন তাহা ভুলি? পরধনে ধিক্ গর্ব, করি করজোড় ভরি ভিক্ষাঝুলি! পুণ্যহস্তে শাক-অন্ন তুলে দাও পাতে তাই যেন রুচে, মোটা বস্ত্র বুনে দাও যদি নিজহাতে তাহে লজ্জা ঘুচে। সেই সিংহাসন--যদি অঞ্চলটি পাত, কর স্নেহ দান। যে তোমারে তুচ্ছ করে সে আমারে, মাতঃ, কী দিবে সম্মান!