তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয়-মাঝে। তোমার ঘরে নিশিভোরে আগল যদি গেল সরে আমার ঘরে রইব তবে কিসের লাজে। অনেক বলা বলেছি, সে মিথ্যা বলা। অনেক চলা চলেছি,সে মিথ্যা চলা। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে, ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে।
বাঁশবাগানের গলি দিয়ে মাঠে চলতেছিলেম হাটে। তুমি তখন আনতেছিলে জল, পড়ল আমার ঝুড়ির থেকে একটি রাঙা ফল। হঠাৎ তোমার পায়ের কাছে গড়িয়ে গেল ভুলে, নিই নি ফিরে তুলে। দিনের শেষে দিঘির ঘাটে তুলতে এলে জল, অন্ধকারে কুড়িয়ে তখন নিলে কি সেই ফল। এই প্রশ্নই গানে গেঁথে একলা বসে গাই, বলার কথা আর কিছু মোর নাই।