আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে-- আমি তাইতে কি ভয় মানি! জানি জানি, বন্ধু, জানি-- তোমার আছে তো হাতখানি ॥ চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে, এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি ॥ আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা, তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা। জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি ॥
আমার মন তুমি, নাথ, লবে হ'রে আমি আছি বসে সেই আশা ধরে ॥ নীলাকাশে ওই তারা ভাসে, নীরব নিশীথে শশী হাসে, আমার দু নয়নে বারি আসে ভরে-- আছি আশা ধরে ॥ স্থলে জলে তব ধূলিতলে, তরুলতা তব ফুলে ফলে, নরনারীদের প্রেমডোরে, নানা দিকে দিকে নানা কালে, নানা সুরে সুরে নানা তালে নানা মতে তুমি লবে মোরে-- আছি আশা ধরে ॥