বাক্য তোমার সব লোকে বলে গজদন্তের তুল্য-- বের হয়ে যদি ফিরিত কবলে হারাত সত্য মূল্য। আঁখি-পানে তব তাকিয়েই বিশ্বাস মনে রাখি এই কথা দিলে তুমি ভোল না কখনো-- কত লোকে কত ভুলল।
আদর ক'রে মেয়ের নাম রেখেছে ক্যালিফর্নিয়া, গরম হল বিয়ের হাট ঐ মেয়েরই দর নিয়া। মহেশদাদা খুঁজিয়া গ্রামে গ্রামে পেয়েছে ছেলে ম্যাসাচুসেট্স্ নামে, শাশুড়ি বুড়ি ভীষণ খুশি নামজাদা সে বর নিয়া-- ভাটের দল চেঁচিয়ে মরে নামের গুণ বর্ণিয়া।